বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে তর্ক, যাত্রীকে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:০০ পিএম
চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে তর্ক, যাত্রীকে হত্যা
সাইদ হোসেন অপু চৌধুরী : লঞ্চের সিটে বসা নিয়ে তর্কের জেরে চাঁদপুরে সুমন গাজী নামের এক যাত্রীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

জেলার লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

৩২ বছর বয়সী সুমন চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার স্বপন গাজীর ছেলে। তিনি ঢাকা বিমানবন্দর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশে রওনা হন সুমন। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি এলে বাবু নামের যাত্রীর সঙ্গে সিটে বসা নিয়ে বাগবিতণ্ডা হয় তার। রাত সোয়া ১১টার দিকে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার সঙ্গীরা সুমনকে বেদম মারধর ও ছুরিকাঘাত করেন। পরে সুমনের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।

Model Hospital

গুরুতর আহত সুমনকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

সুমনের মেজো ভাই শরিফ গাজী বলেন, ‘সম্প্রতি দুই লাখ টাকা ঋণ করে এলাকায় জমি কিনে সে। সেই টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে চাঁদপুর যাচ্ছিল সুমন। সে খুব সহজসরল ছেলে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে আঘাতের চিহ্ন ছিল।

চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সুমনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital