শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাড়ে ১৩ হাজার নারী পাচ্ছেন ভিজিডি কার্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:১৭ পিএম
চাঁদপুরে সাড়ে ১৩ হাজার নারী পাচ্ছেন ভিজিডি কার্ড

সজীব খান : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় চাঁদপুরে ১৩ হাজার ৮শত ২১ জন চলতি বছর ভিজিডি কার্ড পেয়েছেন।

চাঁদপুর জেলার ৮ উপজেলার এ কার্ডধারীরা টানা ২ বছর মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে নতুন কার্ডধারীর চাল ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য নিয়ে গেছেন। আবার কোথায়ও কোথায়ও বিতরণ চলছে। দুস্থ মহিলাদের উন্নয়নে সরকারি এ উদ্যোগের প্রশংসা করেন উপকার ভোগীসহ সাধারণ জনগন। আর এরই ধারাবাহিকতায় দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় পরবর্তী ২৪ মাসের জন্য (১ জানুয়ারি ২০২৩ থেকে ২ বছর নতুন ফেজে ভিজিডি কার্ড পাবেন তারা।

সরকারি নীতিমালা অনুযায়ী, ভিজিডি কার্ডধারীদের বয়স হবে ২০-৫০ বছরের মধ্যে। এদের মধ্যে যেসব ভূমিহীন পরিবারে মহিলা প্রধান ও আয়ের অন্য কোনো উৎস নেই এবং যেসব পরিবারে ২৪ মাসের কম বয়সী শিশু রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

Model Hospital

এছাড়া যেসব পরিবারে বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরী আছে ও যেসব পরিবারে অটিজম/প্রতিবন্ধী সদস্য আছে সেসব পরিবারও বাছাইয়ের অগ্রাধিকার পাবে।

এ বিষয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) সাবেক নির্বাচিত প্রচার সম্পাদক, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক বলেন, তার ইউনিয়নে সরকারি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনের মাধ্যেমেই ভিজিডি কার্ড করা হয়েছে। ইউনিয়নের দুস্থ মাহিলাদের তালিকা করে উপজেলা কমিটির অনুমোনের পরেই আশিকাটিতে ভিজিডি কার্ড করা হয়েছে। সম্পূর্ন্ন স্বচ্ছ ভাবেই তা করা হয়।

এ প্রসঙ্গে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, দুস্থ নারীদের উন্নয়নে ভিজিডি কার্ডের প্রচলন সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে একই সঙ্গে যেমন দুস্থ পরিবারগুলোর খাদ্য ঘাটতি দূর হচ্ছে, তেমনি যেসব পরিবারে বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরী বা প্রতিবন্ধী সদস্য রয়েছে সেসব পরিবারও বিশেষভাবে উপকৃত হচ্ছে।

তিনি বলেন, তার ইউনিয়নে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে নীতিমালা অনুযায়ী ভিজিডির উপকারভোগী বাছাই করা হয়েছে।

এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, দুস্থ মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ভিজিডি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাঁদপুরে এবার নতুন ১৩ হাজার ৮শত ২১ জন দুস্থ নারী ভিজিডি কার্ড পাবেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।