বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পাওনা টাকা চাওয়ায় ভাবির লাথিতে প্রাণ গেল স্বামী পরিত্যক্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৩:৫৬ পিএম
মতলব দক্ষিণে পাওনা টাকা চাওয়ায় ভাবির লাথিতে প্রাণ গেল স্বামী পরিত্যক্তার
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে পাওনা টাকা চাওয়ায় ভাবি কোহিনূর আক্তারের লাথিতে প্রাণ গেল মাকসুদা বেগম (৫০) নামে এক স্বামী পরিত্যক্তার। রবিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বহরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে নিহত মাকসুদার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর তাঁর সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়। সংসার জীবনে মাকসুদার ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। ওই মেয়েটির অনেক আগেই বিয়ে হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির সময় সালিস বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মাকসুদাকে ৫০ হাজার টাকা দেন তাঁর স্বামী। ওই টাকা জমা রাখা হয় মাকসুদার ভাই মনির হোসেনের কাছে। কিন্তু অদ্যাবধি মনির ওই টাকা মাকসুদাকে দেননি।
এ নিয়ে প্রায়ই মনির ও মাকসুদার মধ্যে বিবাদ লেগেই থাকত। এর সঙ্গে যুক্ত হয়ে মাকসুদাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তাঁর ভাবী কোহিনুর আক্তার।
গতকাল মনির হোসেন গরু বিক্রি করে তিন লাখ টাকা পান। সেখান থেকে ওই ৫০ হাজার টাকা দেওয়ার দাবি করেন মাকসুদা। কিন্তু মনির ওই টাকা দিতে অপারগতা জানান। রবিবার বিকেলে পুনরায় মাকসুদা তাঁর পাওনা ৫০ হাজার টাকা চাইলে ওই টাকা দিতে অস্বীকার করেন মনির।
এ নিয়ে মনির, মাকসুদা ও মনিরের স্ত্রী কোহিনুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর সজোরে ননদ মাকসুদার তলপেটে লাথি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলেন। এরপর ঘটনাস্থলেই মারা যান মাকসুদা। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছেন পুলিশের একাধিক সদস্য।
মতলব দক্ষিণ থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।