মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১০:০৫ পিএম
কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার  (১২ই এপ্রিল) সকালে উপজেলার কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হাজী সাহেব আলী সিকদারের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা প্রফেসর আব্দুস সামাদ, কাজী মিজানুর রহমান, শরিফ উল্লাহ মুন্সী বাবুল, রমিজ উদ্দিন মুন্সী, ওয়াহিদুজ্জামান মুন্সী, মানিক মুন্সী, ইউপি সদস্য শাহজালাল শিকদার, সমাজসেবক রেফায়েত উল্লাহ রিপন, জসিম উদ্দিন প্রধান ,তাফাজ্জল হোসেন প্রধান, তৌহিদুল ইসলাম মুন্সী, হানিফ প্রধান প্রমুখ।
এ সময় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২ বছর মেয়াদি  নতুন কমিটি গঠন করা হয়। কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে  সভাপতি  ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সমঝোতায় মাধ্যমে পুনরায় সভাপতি  মোহাম্মদ উল্লাহ মুন্সি ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী শাহিন নির্বাচিত হন।
কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের সংগঠনটি দলমত নির্বিশেষে সমাজের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের যাবতীয় সমস্যার মূলে কূঠারাঘাত করে সামনে এগিয়ে যাওয়ার প্রকৃষ্ট  উদাহরণ সংগঠনটি। প্রত্যেক সদস্য অপরাপর সদস্যদের মত ও পথের প্রতি শ্রদ্ধা রেখে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি ।
এলাকাবাসীর কাছে সংগঠনটি ভালো কাজের দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই।

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।