হাজীগঞ্জের সুহিলপুরে
মাছ ধরার জালে উঠলো দুই শিশুর মর’দেহ
চাঁদপুরের হাজীগঞ্জের সদর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওমর ফারুক ওই গ্রামের শাহ পরানের ছেলে ও জিহাদ হোসেন মানিক একই বাড়ির মোহাম্মদ জুয়েলের ছেলে। বয়সেও ফারুকের ৭দিনের বড় জিহাদ। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।

শিশুদের স্বজনরা জানান, বিকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। রাত পৌনে নয়টার দিকে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ। এ সময় দুই শিশু একজন আরেকজনের হাত ধরা ছিলো।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি।
এদিকে বিকেল গড়িয়ে সন্ধা হলেও শিশু দুটি কোথায়ও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। সম্ভাব্য বাড়ির চারপাশে ৩টি পুকুরে খোঁজ করে না পেয়ে এলাকায় মাইকিং করানো হয়। পরবর্তিতে রাতে পৌণে ৯টার দিকে জেলেদের দিয়ে পুকুরে জাল পেলে মৃত অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরিবারের লোকজনের অসাবধানতায় শিশু দু’টির এই পরিণতি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপিনাথ। তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ।
সহপাঠি দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের মাতম চলছে।







