শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

ঐক্যবদ্ধ থাকতে হবে, শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই : শাহরাস্তি বিএনপির বিক্ষোভে আয়েত আলী ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
ঐক্যবদ্ধ থাকতে হবে, শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই : শাহরাস্তি বিএনপির বিক্ষোভে আয়েত আলী ভূঁইয়া

সম্প্রতি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।ওইদিন বিকেলে পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দোয়াভাঙ্গা পর্যন্ত যায়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, “দেশ ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুযোগ দেওয়া যাবে না।

তিনি বলেন, বৈশ্বিক নানা সংকট, সরকার পরিবর্তন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। এ সুযোগে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এসব অপতৎপরতা মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।

Model Hospital

আয়েত আলী ভূঁইয়া বলেন, দলের ভেতরে থাকা কেউ যদি বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তবে কোনো অবস্থাতেই আইনবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দলের নেতা-কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি বা মতপার্থক্য সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হলে তার রাজনৈতিকভাবে জবাব দিতে হবে। কিন্তু জবাব দিতে গিয়ে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। মিছিল-সমাবেশে উসকানিমূলক বা হিংসাত্মক বক্তব্য পরিহার করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে।

প্রধান অতিথি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের শক্তি হলো ঐক্য। তাই ব্যক্তিগত স্বার্থ বা ভুল-বোঝাবুঝির কারণে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। যেকোনো সমস্যা দলীয়ভাবে আলোচনা করে সমাধান করতে হবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী।এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা,মাহবুব হাসান বাবলু,আদনান নোমান,  উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ও শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীল আচরণ এবং অভ্যন্তরীণ মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।