শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়া ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ গাজী।

কুয়েতের হাওয়ালি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ সোহাগ গাজী নামের এক বাংলাদেশি ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে কুয়েতের হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েত পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমিয়া এলাকার একটি খোলা পার্কিং স্থানে সোহাগ গাজীর সন্দেহজনক চলাফেরা দেখে দায়িত্বরত টহল পুলিশ তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীকালে তাঁর দেহ তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উপাদান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ গাজী স্বীকার করেন, তিনি ডিজিটাল বার্তার (সোশ্যাল মিডিয়া/মেসেজিং অ্যাপ) মাধ্যমে খদ্দেরদের নির্দিষ্ট স্থান জানিয়ে দিয়ে গোপনে এসব নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করে আসছিলেন।
পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাঁর বাসস্থানে অভিযান চালায় কুয়েত পুলিশ। ওই তল্লাশি অভিযানে তাঁর বাসা থেকে ছোট প্যাকেটে বিক্রির জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ নিষিদ্ধ উপাদান, সূক্ষ্ম ওজন পরিমাপক স্কেল এবং মাদক সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়।
বর্তমানে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কুয়েতের সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজকে সুরক্ষিত রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ফরিদগঞ্জের স্থানীয় সূত্র জানায়, সোহাগ গাজী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গোপনে কুয়েতে পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের বিদেশে এমন অপরাধে গ্রেপ্তারের খবরে তাঁর নিজ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।