বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশকে পিটিয়ে ওয়াকিটকি-মানিব্যাগ ছিনতাই, আটক ২

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:১১ পিএম
পুলিশকে পিটিয়ে ওয়াকিটকি-মানিব্যাগ ছিনতাই, আটক ২

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত সংলগ্ন এলাকায় এক পুলিশ সদস্যের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পুলিশ সদস্য হলেন পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ আলী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আউটার রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুইজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।

আটক দুইজন হলেন- সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২)। সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম।

তিনি বলেন, “আউটার রিং রোডের পাশে একটু নিচে মাদকসেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন আসে। ওই সংবাদের ভিত্তিতে ফোর্সসহ এসআই ইউসুফ আলী সেখানে গিয়েছিলেন। সড়কের বিপরীত পাশে হওয়ায় গাড়িসহ অন্য সদস্যরা ইউটার্ন নিয়ে আসতে গেলে তিনি সড়ক থেকে নেমে লোকালয়ের দিকে গিয়েছিলেন। তখন এসআই ইউসুফ আলীকে একা পেয়ে মাদকসেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।”

Model Hospital

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্য ইউসুফ আলী কাঁদতে কাঁদতে স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। ভিডিওতে তার গলার নিচে মারধরের দাগও দেখা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। তখন সাইমন ও আলী ইমাদ তাকে মারধর করে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তাদের সঙ্গীয় দুষ্কুতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা সাইমন ও আলী ইমাদকে ধরে ফেলে গণধোলাই দেয়। এ সময় এই দুইজনের অন্য সহযোগীরা পালিয়ে যায়।”

স্থানীয়রা আটকদের কাছ থেকে এসআই ইউসুফ আলীর ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে। তারপর পতেঙ্গা সৈকত এলাকায় টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে আটক দুইজনকে তাদের হাতে তুলে দেয় স্থানীয়রা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital