শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল, স্বৈরাচার বিরোধী বক্তব্য

জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিলে জনগণ প্রত্যাখ্যান করবে : মাও: আবুল হোসাইন

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:২১ পিএম
জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিলে জনগণ প্রত্যাখ্যান করবে : মাও: আবুল হোসাইন

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৫ আগস্ট সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজারে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, “জুলাই বিপ্লব কোনো দলের নয়, এটা ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে হত্যা-গুম-দমনপীড়নের রাজনীতি করেছে। জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে।”

Model Hospital

আবুল হোসাইন বলেন, “আমরা এখনো বলছি, আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার, পরে জাতীয় নির্বাচন।”

আলোচনায় উঠে আসে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে “অযাচিত হস্তক্ষেপ” নিয়েও ক্ষোভ। নাম উল্লেখ না করে তিনি বলেন, রাজনৈতিক দলের কিছু নেতা জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয়- যেমন বায়তুলমাল, নফল ও তাহাজ্জুদ নামাজ নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশে বলতে চাই, জামায়াত তার নিজস্ব গতিতেই এগিয়ে যাচ্ছে এবং আগাবে। অতীতেও দেখা গেছে, একটি ক্ষমতাসীন শক্তি জামায়াতকে থামাতে গিয়ে ব্যর্থ হয়ে পালাতে বাধ্য হয়েছিল। এ দেশের মানুষ আর সেই স্বৈরাচার দেখতে চায় না। যারা এখন জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তারা ভবিষ্যতে নিজ দলের পদ হারাবেন এবং জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর জামায়াতের আমির আবুল হাসানাত পাটোয়ারী।

বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা আবু জাফর সিদ্দিকী, উপজেলা নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, পৌরসভা নায়েবে আমির মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সালাম।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।