গোপালগঞ্জে বাস খাদে, আহত কমপক্ষে ২০
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি বাস পোনা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এরপর বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে গুরুতর আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে।









