মতলব উত্তরে শ্রমিকলীগ সভাপতির বিএনপিতে যোগদান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

গত ৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কদমতলী থানার নবনির্বাচিত আহ্বায়ক আবু নাসের ফকিরকে ফুল দিয়ে দলে যোগ দেন। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন মুজাহিদুল ইসলাম সেলিম।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। একাধিক নেতাকর্মী নিজেদের স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ এটিকে ‘আদর্শ বিসর্জন’ বলছেন, আবার কেউ দেখছেন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি দলের অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতা হঠাৎ করে প্রতিপক্ষ দলে চলে যাওয়া ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।








