রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা ড. মিজানুর রহমান আজহারির

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:২১ পিএম
বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা ড. মিজানুর রহমান আজহারির

জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি এবছর অনুষ্ঠিতব্য উন্মুক্ত মাঠের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। লাখো মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তাদের পেশাদারিত্ব সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা রক্ষার স্বার্থে এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। এ অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো বড় আয়োজন তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।”

ড. আজহারি মনে করেন, “জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে বড় কোনো তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর উন্মুক্ত মাঠের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

Model Hospital

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইন শা আল্লাহ, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো।”

এছাড়া তিনি উল্লেখ করেন, “শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে ‘Hasanah Foundation’-এর কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে এর কার্যক্রমে এখন পুরোপুরি সম্পৃক্ত থাকতে হচ্ছে।”

বশেষে তিনি বলেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া প্রত্যাশা করছি।”

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।