আল্লাহর ইচ্ছায় দুজন আবার একত্র হতে পেরেছি : আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার
আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার ‘প্রাক্তন’ স্ত্রী সাবিকুন নাহার আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের মধ্যে তালাক হয়েছিল। প্রায় ৪০ দিন পর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিষয়টি সাবিকুন নাহার নিজেই নিশ্চিত করেছেন।

তালাকের পর ফের বিয়ে নিয়ে তিনি নিজের ব্যাখ্যাও দিয়েছেন। ফেসবুকের এক কমেন্টে সাবিকুন নাহার লিখেছেন, তাদের মধ্যে তিন তালাক হয়নি। এটি ছিল খুলা তালাক, যেখানে স্বামী-স্ত্রী চাইলে আবার নতুনভাবে বিবাহ করতে পারেন। তাই তারা নতুন করে সংসার শুরু করেছেন।

এক ফেসবুক পোস্টে সাবিকুন নাহার আরো জানান, দুনিয়া ক্ষণস্থায়ী এবং সন্তানদের জন্য বাবা-মায়ের একসঙ্গে থাকা জরুরি। বিচ্ছেদের পর সন্তান আয়িশা ও উসমান প্রায়ই বাবাকে খুঁজত—এটা তাকে গভীরভাবে নাড়া দেয়।

তিনি বলেন, কিছু ভুল-বোঝাবুঝি, রাগ ও জেদের কারণে সম্পর্ক ভেঙেছিল। এখন তারা উপলব্ধি করেছেন—অনেক কিছুই ছিল ভুল।

আল্লাহর ইচ্ছায় দুজন আবার একত্র হতে পেরেছেন।
সাবিকুন নাহার লেখেন, তিনি নিজের সংসার, স্বামী ও পরিবারকে ফিরে পেয়েছেন, এটাই তার বড় শান্তি। সর্বশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।








