বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হা-ডু-ডুর জমজমাট লড়াই, মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম
ফরিদগঞ্জে হা-ডু-ডুর জমজমাট লড়াই, মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস

ফরিদগঞ্জে জমজমাট হা-ডু-ডু খেলায় কৃষ্ণপুর একাদশের দাপুটে জয়।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ফরিদগঞ্জে। শুক্রবার বিকেলে বালিথুবা পূর্ব ইউনিয়নের ওয়াপদা অফিস সংলগ্ন মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় জমজমাট হা-ডু-ডু খেলা। খেলা দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে কয়েক হাজার দর্শক মাঠে জড়ো হন।
খেলায় মুখোমুখি হয় কৃষ্ণপুর একাদশ ও সকদি রামপুর মা চটপটি একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত আক্রমণ, পাল্টা আক্রমণ ও কৌশলী রক্ষণে জমে ওঠে লড়াই। একপর্যায়ে দর্শকদের করতালি, উল্লাস আর ‘হা-ডু-ডু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
খেলা শেষে ৩৬ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় কৃষ্ণপুর একাদশ। অপরদিকে ২৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় সকদি রামপুর মা চটপটি একাদশ। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় অংশ নেন।
ফরিদগঞ্জে জমজমাট হা-ডু-ডু খেলায় কৃষ্ণপুর একাদশের দাপুটে জয়।
খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে ছিল শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। অনেকের কাছে এটি ছিল শুধু একটি খেলা নয়, বরং শৈশবের স্মৃতি ও গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার আনন্দ।
স্থানীয়রা বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে হা-ডু-ডুর মতো দেশীয় খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দর্শকরা বলেন, মাঠের খেলায় যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি এতে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতিও বাড়ে। ফলে হা-ডু-ডুর এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital