বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খেলতে গিয়ে ফেরা হলো না সামাদের, পুকুরে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
খেলতে গিয়ে ফেরা হলো না সামাদের, পুকুরে ডুবে মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আব্দুস সামাদ ওই বাড়ির মামুন মোল্লার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই আনন্দের বাড়ি পরিণত হয়েছে কান্নার বাড়িতে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সামাদ। খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও বাড়ির অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Model Hospital

নিহতের নিকটাত্মীয় অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা জানান, সকালে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল সামাদ। খেলাধুলার এক ফাঁকে সবার অগোচরে পুকুরে পড়ে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্ষাকালে চারপাশে পানি থাকায় শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা সাঁতার জানে না, তাদের যেন কোনোভাবেই পুকুর, খাল বা জলাশয়ের কাছে একা যেতে না দেওয়া হয়। সচেতনতা ও বাড়তি সতর্কতাই পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছোট্ট সামাদের এমন করুণ মৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আলীগঞ্জ মোল্লা বাড়ির পরিবেশ। যে উঠানে কিছুক্ষণ আগেও শিশুটির হাসি-খেলাধুলায় মুখর ছিল, সেখানেই এখন নেমে এসেছে শোকের নীরবতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital