শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটি মালিক মামুনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন। পরে এএসআই সুজেল মিয়ার মাধ্যমে ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দিন পরই ফোন উদ্ধারের খবর পান মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার পর ফোনটি একটি পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যবহার করেন। পরে ছুটিতে দেশে আসার পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটি শনাক্ত হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

Model Hospital

ফোনটির মালিক মামুন বলেন, ফোনটি হারানোর পরদিন থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আমি আনন্দ পাই। প্রচারের জন্য এমন কাজ করি না। এই থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।

হাজীগঞ্জের মিনি ম্যারাথনে ‘চ্যাম্পিয়ন’ শাহরাস্তির মেহেদী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
হাজীগঞ্জের মিনি ম্যারাথনে ‘চ্যাম্পিয়ন’ শাহরাস্তির মেহেদী

চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জন করেছেন শাহরাস্তির পাথৈর গ্রামের সন্তান মো. মেহেদী হাসান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ, চাঁদপুরের আয়োজনে এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের মোট ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়ে ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জন করেন মো. মেহেদী হাসান। তাঁর এ সাফল্যে শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

‘সুস্বাস্থ্যের জন্য দৌড়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মিনি ম্যারাথনের লক্ষ্য ছিল সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে শরীরচর্চায় উৎসাহিত করা।

Model Hospital

হাজীগঞ্জের এ প্রতিযোগিতায় ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে শাহরাস্তির জন্য গৌরব বয়ে এনেছেন মেহেদী হাসান।