মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দরিদ্র মা-শিশুর স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, জুলকারনাইনের পোস্টে ঝড়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ এম
দরিদ্র মা-শিশুর স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, জুলকারনাইনের পোস্টে ঝড়

রাজধানীর মিরপুর-১ এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা স্থাপনা ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

২৫ সেপ্টেম্বর রাতের এ ঘটনায় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও অন্যান্য সামগ্রী লুটের অভিযোগও করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন। প্রতিষ্ঠানটির হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭০-এর দশক থেকে মিরপুর এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং টিকাদানসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সরকারি অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এসব সেবা পরিচালিত হয়ে আসছিল।

ঘটনার সঙ্গে জমি দখলের বিরোধের সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ এসেছে। ঘটনাস্থলে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ডও টাঙানো হয়েছে। তবে জমির মালিকানা ও দখল নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে।

Model Hospital

ঘটনার সঙ্গে বিএনপি নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেছেন, ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন এবং পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিক।

এদিকে ঘটনার পর শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, জমি বা স্থাপনা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। তাঁর বক্তব্যে স্বাস্থ্যকেন্দ্রটি ধ্বংসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং রাজনৈতিক পরিচয় যেন অপরাধের দায় থেকে কাউকে সুরক্ষা না দেয়—এমন দাবি উঠে এসেছে।

প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত একটি প্রতিষ্ঠান এভাবে ধ্বংসের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন তদন্তের মাধ্যমে হামলা, লুটপাট ও স্থাপনা ধ্বংসের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে জমি দখলের কোনো উদ্দেশ্য ছিল কি না, তা স্পষ্ট করার দাবি উঠেছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”