নতুন ধানের ঘ্রাণে মুখর চাঁদপুর, বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদ্যাপন
বাঙালির হাজার বছরের ঐতিহ্য, গ্রামীণ জীবনধারা ও লোকজ সংস্কৃতির আবহে চাঁদপুরে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে নবান্ন উৎসব-১৪৩৩।

শনিবার (২৮ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

নবান্ন বাঙালির কৃষিনির্ভর জীবন ও গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে আবহমানকাল ধরে বাংলার গ্রাম-গঞ্জে পালিত হয়ে আসছে এ উৎসব। নতুন ফসলের ঘ্রাণ, পিঠা-পুলি আর লোকজ ঐতিহ্যের সমন্বয়ে নবান্ন উৎসব বাঙালির শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে নতুন করে তুলে ধরে।



উৎসবকে ঘিরে ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম পিঠা-পুলির বিশেষ আয়োজন। পাশাপাশি সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে অতিথিরা নবান্ন উৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্য পৌঁছে দিতে নবান্ন উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





