রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধানের ঘ্রাণে মুখর চাঁদপুর, বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদ্‌যাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম
নতুন ধানের ঘ্রাণে মুখর চাঁদপুর, বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদ্‌যাপন

বাঙালির হাজার বছরের ঐতিহ্য, গ্রামীণ জীবনধারা ও লোকজ সংস্কৃতির আবহে চাঁদপুরে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে নবান্ন উৎসব-১৪৩৩।

শনিবার (২৮ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

নবান্ন বাঙালির কৃষিনির্ভর জীবন ও গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে আবহমানকাল ধরে বাংলার গ্রাম-গঞ্জে পালিত হয়ে আসছে এ উৎসব। নতুন ফসলের ঘ্রাণ, পিঠা-পুলি আর লোকজ ঐতিহ্যের সমন্বয়ে নবান্ন উৎসব বাঙালির শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে নতুন করে তুলে ধরে।

Model Hospital

উৎসবকে ঘিরে ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম পিঠা-পুলির বিশেষ আয়োজন। পাশাপাশি সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে অতিথিরা নবান্ন উৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্য পৌঁছে দিতে নবান্ন উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
টর্চলাইটের আলো ফেলতেই নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলতে দেখল মেয়ে

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শত শত মানুষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা।

একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন। পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। হঠাৎ একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সেখানে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন।

এদিকে নারিকেল গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।