স্টেডিয়ামে দর্শকের উপচেপড়া ভিড়, জমজমাট ফাইনালে শিরোপা ঘরে তুলল সদর উপজেলা দল
ফরিদগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন চাঁদপুর সদর
চাঁদপুর জেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনাল ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলা দল। আর রানারআপ হয় ফরিদগঞ্জ উপজেলা দল।

শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দীর্ঘদিন পর স্টেডিয়ামে দর্শকদের এমন উপচেপড়া উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।



এ সময় চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, দীর্ঘদিন পর চাঁদপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থা। ভবিষ্যতে এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার নিয়মিত লীগ চালুর প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।








