বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ নগদ টাকা লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৯ পিএম
মতলব দক্ষিণে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ নগদ টাকা লুট
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নায়েরগাঁও বাজারে স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ পাঁচটি ব্যবসা-প্রতিষ্ঠানে এ ডাকাতির ঘটনা ঘটে।
এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি মোবাইল সেটসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা ও স্থানীয় সূত্র জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল নদীপথে স্পিডবোটযোগে নায়েরগাঁও বাজারে প্রবেশ করেন। ডাকাতেরা বাজারটির চার নৈশপ্রহরীকে একত্রিত করে বাজারের একটি দোকানের সামনে রশি দিয়ে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর তারা বাজারের রিংকু দাস, নিত্য গোপাল দাস, প্রদীপ চন্দ্র দাস ও কেশব চন্দ্র দাসের স্বর্ণের দোকান এবং মোঃ নুর উদ্দিনের মোবাইল সেটের দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ডাকাতদল রিংকু দাসের দোকান থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা, নিত্য গোপাল দাসের দোকান থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা, প্রদীপ চন্দ্র দাসের দোকান থেকে ৪ ভরি রূপা ও কিছু স্বর্ণালঙ্কার, কেশব চন্দ্র দাসের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার এবং নুর উদ্দিনের দোকান থেকে ২০টি দামি স্মাটফোন সেট লুট করে নিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে খবর পেয়ে ওই দোকানিরা ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানালে আজ মঙ্গলবার সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানিদের খোঁজখবর নেন।
এবিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এটি একটি রহস্যজনক ডাকাতি। পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।