সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খাদেরগাঁও ইউপির উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪:০১ পিএম
খাদেরগাঁও ইউপির উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের সভাপ্রধানে এবং আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন কালুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর গ্যাং, মাদকের সাথে যারা জড়িত তারা আমাদেরই কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু। এদের সহমর্মিতা দিয়ে প্রথমত ভালো পথে আনার চেষ্টা করতে হবে। যদি এতে কাজ না হয় তবে আইনের কঠোরতার মুখোমুখি হতে হবে ।
মতলব দক্ষিণ উপজেলাকে একটি শান্তি শৃঙ্খলার মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার বলেন, আমি ৩নং খাদেরগাঁও ইউনিয়নবাসীর সেবক হয়ে সকলের সহযোগিতা নিয়ে ইভটিজিং, কিশোর গ্যাং এবং মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত  করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মজিদ প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ,  ইউপি সদস্য মো. মোস্তফা খন্দকার, তাপস সরকার, মো. কাউছার প্রধান,  পেইজ এর সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়ক মো. আহসানুল হক, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান মো জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মারফত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন শেখ, ৭নং ওয়ার্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান বকাউল, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. কাজী সাঈদ, ছাত্রলীগ নেতা মো. শাকিল আহমেদ,  মো. ফয়সাল মিয়াজি। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মো. কবির হোসেন,  গীতাপাঠ করেন নিপুন সরকার।
আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।