বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:১৬ পিএম
স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আবদুল হাই প্রধানকে পরাজিত করে জয়লাভ করেছেন অটো রিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।

আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই প্রধান বিভিন্ন অভিযোগ দেখিে নির্বাচন ও নির্বাচনের ফলাফল বর্জন করেছেন।

বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই প্রধানের চেয়ে ৩ হাজার ২শ’ ১৪ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।

মোহনপুর ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আবদুল হাই প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শ’ ৮ ভোট ও অটো রিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ২২ ভোট।

Model Hospital

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এদের মধ্যে আনারস প্রতীকে প্রার্থী আবুল কাশেম মাস্টার পেয়েছেন ১ হাজার ২২১, মোটর সাইকেল প্রতীকে প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার পেয়েছেন ২৩৮, ঘোড়া প্রতীকে প্রার্থী অ্যাড. সেলিম মিয়া পেয়েছেন ১৪৪, চশমা প্রতীকে প্রার্থী বদিউর রহমান পেয়েছেন ৬৭, ঢোল প্রতীকে প্রার্থী আবু হানিফ অভি পেয়েছেন ১০৫, টেলিফোন প্রতীকে প্রার্থী ফয়সাল আহমেদ নাদিম পেয়েছেন ৩৬০, টেবিল ফ্যান প্রতীকে প্রার্থী শরীফ মাহমুদ সায়েম পেয়েছেন ৫১। মোট ৫৪.০১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

অন্যদিকে ইসলামাবাদ ইউপি ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে ১২৭ ভোট বেশি এ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে পেয়েছে ৪৭৮ ভোট, অপর প্রার্থী শ্যামল চন্দ্র দাস মোরগ প্রতীকে পেয়েছেন ৩৫১ ভোট।

এর আগে সকাল সাড়ে ৮টায় থকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯টি কেন্দ্রের ৫১টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন পরিদর্শন করে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সাংবাদিকদেনর সাথে কথা বলেন।

ভোটারের সাথে কথা বলে জানা যায়, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখা গেছে। এ থেকে আমি বলতে পারি, আমার ভোটটি সঠিক হয়েছে।

ভোটপ্রয়োগ শেষে এক ভোটার বলেন, আমি শতভাগ বিশ্বাসী, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, কারণ আমি ভোট দেওয়ার সময় আমার ছবি দেখতে স্ক্রিনে দেখতে পেয়েছি। আমি সত্যি খুবই আনন্দিত যে, আমি সহজ পদ্ধতিতে ভোট প্রয়োগ করেছি।

জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী মিজানুর রহমান বলেন, গত ২০ বছরেও মোহনপুরবাসী ভোট দিতে পারেনি। এবারই প্রার্থীদের স্বতঃফুর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নির্বাচন হয়েছে। এ বিজয় মোহনপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।

এদিকে নৌকা মনোনীত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হলো। গত কয়েকটি নির্বাচনে এই ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল নৌকার প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। মোহনপুর ইউনিয়নবাসী দীর্ঘ ২০ বছরপর চেয়ারম্যান পদে এবার ভোট দেওয়ায় আমরা অনেক খুশি।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মোহনপুর ইউপি’র উপ-নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ নির্বাহী ম্যাজিস্টেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। সকলের আন্তরিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন এবং ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের মৃত্যুতে ওই পদগুলো শূণ্য হয়।

মোহনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮২ এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। মোট ৯টি ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩টি।

মোহনপুর ও ইসলামাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital