বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মেহের ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৯:০৩ পিএম
মেহের ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল
শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের বিদেহী আত্মার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের আয়োজনে শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন,  প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার ছিলেন একজন পরোপকারী  নিবেদিত শিক্ষক, এ মুহূর্তে তার  স্মৃতি  বলে কয়ে শেষ করা যাবেনা, আমার অধ্যক্ষ হওয়ার পেছনে তার কবির মজুমদারের অবদান আজীবন স্মরণে থাকবে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থীর পাঠগ্রহণ, কলেজের অবকাঠামো উন্নয়নে সহ সকল কাজে তার অবদান ছিল।আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
এতে আরো বক্তব্য রাখেন, প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের স্ত্রী শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া বেগম। তিনি তার বক্তব্যে ২০২০ সালে তার স্বামীর  মৃত্যুর পরে দুইটি সন্তান নিয়ে কিভাবে চলছেন তা তুলে ধরেন এবং কলেজের অধ্যক্ষ, শিক্ষক, নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়কে ধন্যবাদ জানান।
এতে আরো বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেহার উবির আইসিটি শিক্ষক গোলাম সারওয়ার,শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী, ইঞ্জি: ইমতিয়াজ আহমেদ তোহা প্রমুখ।
পরিশেষে প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার সহ সকল প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।