বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কাউন্সিলর মুকবুল হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৬ পিএম
শাহরাস্তিতে কাউন্সিলর মুকবুল হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতা পৌরসভার ৩নং ওয়ার্ড  কাউন্সিলর মুকবুল আহমেদ (৫৮)  অকাল প্রয়াণ হয়েছে, ইন্নালিল্লাহি…….  রাজিউন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, স্ত্রী, আত্বীয় স্বজনসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ডায়বেটিক, হার্টের ব্লক সহ নানান  অসুস্থতায় ভুগছিলেন।
রবিবার রাতে তিনি হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে অসুস্থ  হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাকে। ওই সময় তার অবস্থার অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময়  রাত ১০ টায় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এরপর সোমবার সকাল ১০ টায় পৌর শহরের সুয়াপাড়া জিকে উবি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।মরহুমের নামাজে জানাজায়  বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের ওয়ার্ডের বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  এতে শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদ হোসেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান, শাহরাস্তি প্রথম শ্রেণি পৌরসভার নির্বাহী  কর্মকতা রোটা: তোফায়েল আহাম্মদ শেখ,শাহরাস্তি পৌরসভা বিএনপি সভাপতি আবুল খায়ের সিএ,সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, পৌর আওয়ামিলীগ সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, পৌরসভার  উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,  বিল্লাল হোসেন তুষার, উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌরসভার প্রধান সহকারি মোঃ নজরুল ইসলাম, রায়শ্রী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম মানিক, টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, পৌরসভার ৯ টিওয়ার্ডের কাউন্সিলর গন, শাহরাস্তি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।
সূয়াপাড়াস্থ  পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদকপদ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জড়িত ছিলেন।
এছাড়া ওই ওয়ার্ডে  তিনি দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে আমৃত্যু অধিষ্ঠিত ছিলেন।
এদিকে মরহুমের মৃত্যুতে স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম,শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ , শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.কামরুজ্জামান মিন্টু  ও সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার  গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। গণমাধ্যমকে শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ তিন দিনের শোক ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান। বিভিন্ন  কর্মসূচির কথা উপজেলা আওয়ামী লীগের তরফ থেকেও জানানো হয়।
উল্লেখ্য, শাহরাস্তি পৌরসভা গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ চেয়ারম্যান ও ৯ জন কাউন্সিলর মৃত্যুবরণ করেন। তারা হলেন,শাহরাস্তি পৌরসভার  প্রথম মেয়র আ:জা: ফজলুল কাদের মাস্টার, ৩ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর মজিদ মীর, ২ নং ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর ডা: আবুল হোসেন, ৪ নংওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন,৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ  হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুস্তম সর্বশেষ  ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল আহমেদ মৃত্যুর মিছিলে যুক্ত হলেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ