শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক হওয়া সেই যুবলীগ সেক্রেটারী শাহীনকে দল থেকে অব্যাহতি

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৪ পিএম
হাজীগঞ্জে ইয়াবাসহ আটক হওয়া সেই যুবলীগ সেক্রেটারী শাহীনকে দল থেকে অব্যাহতি

সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে দল থেকে বহিষ্কার হলেন মাদক কারবারে আটক হওয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ ইকবাল ও যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যুবলীগ নেতা জাকির হোসেন শাহীনকে দল থেকে অব্যাহতি দেয়া ঐ চিঠিতে বলা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু শৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তাহার বিরুদ্ধে মাদক বিক্রয়ের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া যায়, এতে সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় তাহাকে এহেন কর্মকান্ডের জন্য সংগঠনের উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, জাকির হোসেন শাহীন (৪৪) উপজেলার হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উচ্চঙ্গা মুন্সি বাড়ির মোঃ নুরুল আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অন্যান্য সহযোগীসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিনে উচ্চাঙ্গা এলাকায় একটি মুরগীর ফার্ম এর দক্ষিন পাশ থেকে হাজীগঞ্জ ৫নং সদর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী জাকির হোসেন শাহিন এর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Model Hospital

এসময় তার আরেক সহযোগী চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গাজী বাড়ির কালু গাজির ছেলে আজাদ গাজী (৩৪) কে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি এন্ড্রয়েড মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের রাতেই হাজীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital