বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাহাতলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৪ পিএম
সাহাতলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার সাহাতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
সভাপতির বক্তব্যে ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি একটি সার্বজনীন পরীক্ষা। যুগ যুগ ধরে এই পরীক্ষাটি চলে আসছে। পরীক্ষা নিয়ে অনেকই ভয় পাচ্ছেন। কোন ভয় ভীতি না নিয়ে নির্ভয়ে সকল শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। যে যেই বিষয়ে দুর্বল সে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে পরামর্শ নিতে হবে। সারারাত জেগে জেগে পড়ালেখা না করে ঠিকমত ঘুমিয়ে সকালে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। সকল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হলে যেতে হবে। পৃথিবীতে সফল হওয়ার অনেক রাস্তা আছে। তার মধ্যে সহজ পথ হচ্ছে ভালোভাবে লেখাপড়া করা। পরিশ্রমী ও ধৈর্যশীল ব্যক্তিরাই জীবনে সফল হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী। শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের যে মামলা সংক্রান্ত সমস্যা আছে সেটি সমাধানের লক্ষ্যে কাজ করা হবে। এছাড়াও অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলোও নিরসন করবো। এই প্রতিষ্ঠানের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, শাহতলী জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মানিক মিয়া, সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন ভুট্টু, পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাস, শাহমাহমুদপুর ইউপি সদস্য শাহাদাত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, এবছর উক্ত বিদ্যালয় থেকে ৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।