মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ঘুমন্ত মাকে খু’ন করে পালিয়েছে ছেলে

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৬:০৯ পিএম
ফরিদগঞ্জে ঘুমন্ত মাকে খু’ন করে পালিয়েছে ছেলে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা খুন হয়েছেন। খুনের সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থ থেকে মৃত দেহ উদ্ধার করেছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
খুন হওয়া রানু বেগম (৫৫) খান বাড়ির আতর খানের স্ত্রী। ঘাতক ছেলে রাছেল (২২) ঘটনার পর পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের স্বামী আতর খাঁন বলেন, আমার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে রাছেল সবার ছোট। গত কয়েকদিন যাবত তাকে বিয়ে করানোর জন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সে আমাকেও গত কয়েকদিন পূর্বে মেরেছে। আমি স্থানীয় একটি মাদ্রাসায় বাবুর্চির কাজ করি। আমার ছেলে রাছেল দুপুর ২ টা ৪৯ মিনিটে আমাকে ফোন দিয়ে বলে তার মাকে কে যেন ঘরে জবাই করে রাখছে। তখন আমি নিশ্চিত হয়েছি, আমার স্ত্রী তার সন্তানের হাতেই খুন হয়েছে। ফোন কেটে সাথে সাথে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী রানু বেগমের মরদেহ বিচানায় পড়ে আছে। আমার ছেলে রাছেল পালিয়ে গেছে। পরে আমার ডাকচিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
যানা যায়, ঘাতক রাছেল গত কয়েক বছর পূর্বে ঢাকার একটি বাসায় দারোয়ানের চাকুরী করতো। তার মানসিক সমস্যা থাকায় তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে সে গ্রামের বাড়িতে এসে থাকতো।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। আমি জানতে পেরেছি নিহতের ৫ সন্তানের মধ্যে রাছেল সবার ছোট। বড় ছেলে ফারুক গত প্রায় ৫ বছর যাবত ঢাকাতে থাকে। বাড়িতে বাবা-মায়ের খোঁজ খবর রাখেন না। বাকি ৩ মেয়ের বিয়ে হওয়াতে তারা স্বামীর বাড়িতে থাকে। রাছেল ফরিদগঞ্জ বাজারে একটি মুদি দোকানে শ্রমিকের কাজ করে। গত কয়েকদিন যাবত সে তাঁর বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে আসছে তাকে বিয়ে করানোর জন্য। যদি তাকে বিয়ে না করায়, সে বাবা-মাকে খুন করে ফেলবে। আমি চাই সঠিক তদন্ত করে এই হত্যার বিচার করবে সংশ্লিষ্ট প্রশাসন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, হত্যার সংবাদ শুনে  ঘটনাস্থলে গিয়ে নিহত রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খাঁন ও তার মেয়ে শাহিনের বক্তব্যনুযায়ী নিজের ছোট ছেলে রাছেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। অভিযুক্ত রাছেল পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তার চেস্টা চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধিন আছে।

মাঠ উন্মুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর, ফরিদগঞ্জে মাদ্রাসার মাঠে খেলার সুযোগ নেই

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
মাঠ উন্মুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর, ফরিদগঞ্জে মাদ্রাসার মাঠে খেলার সুযোগ নেই
শিশু-কিশোর ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলা এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অথচ চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার বড় মাঠ থাকা সত্ত্বেও সেখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থী ও স্থানীয় তরুণেরা। দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় এবার মাঠ উন্মুক্ত করার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের দ্বারস্থ হয়েছেন ক্রীড়াপ্রেমী তরুণেরা। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পৃথক আবেদন ও স্মারকলিপিও দেওয়া হয়েছে।
ঘটনাটি উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসলামপুর শাহ্ ইয়াছিন সিনিয়র ফাজিল মাদ্রাসার। অভিযোগ উঠেছে, মাদ্রাসার বড় মাঠটি থাকলেও দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের সেখানে খেলাধুলার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে লেখাপড়ার পাশাপাশি শারীরিক অনুশীলন ও সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে তারা।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। অথচ মাদ্রাসায় মাঠ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে না। এমনকি প্রতিবছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করা হলেও শিক্ষার্থীদের যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হৃদয় মুন্সী গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের কাছে এলাকার তরুণদের পক্ষে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও যুবসমাজ অবসর সময়ে সুস্থ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসার মাঠটি কমিটির বিভিন্ন কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। ফলে এলাকার তরুণদের স্বাভাবিক খেলাধুলার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাঠটি উন্মুক্ত অথবা খেলাধুলার উপযোগী করে দিতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, গত ৮ অক্টোবর সচিবালয়ে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনাও দেন তিনি। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাঠটি সংস্কার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার প্রেক্ষাপটে ফরিদগঞ্জের এই মাদ্রাসার মাঠটি শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের জন্য উন্মুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, যেখানে মাঠের অভাবে শিশু-কিশোরেরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না, সেখানে বিদ্যমান একটি মাঠ কেন তাদের জন্য ব্যবহারযোগ্য করা হবে না?
তবে মাঠটি উন্মুক্ত না করার পেছনে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আমির হোসেন। তিনি বলেন, মাদ্রাসার পেছনে দুজন পীর সাহেব শায়িত আছেন। মাঠে মাহফিলও অনুষ্ঠিত হয়। এ কারণে সেখানে খেলাধুলার অনুমতি দেওয়া হয় না। এতে তাঁদের প্রতি বেয়াদবি হতে পারে বলে মনে করেন তিনি।
অধ্যক্ষ আরও বলেন, অনেক সময় ব্যক্তিগত মতামতই কাল হয়ে দাঁড়ায়। মাদ্রাসার সভাপতি তাঁর ঊর্ধ্বতন হওয়ায় সভাপতির সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ তাঁর নেই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মাদ্রাসার মাঠ পরিদর্শন করেছেন। মাদ্রাসার মূল মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হওয়ায় আপাতত ইবতেদায়ি শাখার সামনের মাঠটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মূল মাঠটি খেলাধুলার উপযোগী করতে হলে অর্থ বরাদ্দের প্রয়োজন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। তিনি তদন্ত করে বিকল্প মাঠ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দাবি, মাঠটি শুধু একটি প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী ও এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সময়সূচিতে মাঠটি ব্যবহারের সুযোগ তৈরি করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে মাদ্রাসার মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করবে। এতে নতুন প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদন, খেলাধুলা ও সামাজিক সম্প্রীতির পরিবেশ পাবে।