ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাফিয়া সরকারের প্রেতাত্মারা বসে আছে
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:০৮ পিএম
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, একটি চিহ্নিত গোষ্ঠী দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। শত শত মায়ের বুক ও লাখো ছাত্র-জনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে একটি ফ্যাসিস্ট খুনি সরকার থেকে অর্জিত আমাদের নতুন স্বাধীনতা ম্লান করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। তাদরকে শক্ত হাতে দমন করতে হবে।
সরকারকে বেকায়দায় ফেলার জন্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাফিয়া সরকারের প্রেতাত্মারা বসে আছে। তারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে মরিয়া হয়ে ওঠেছে। পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলের ছড়াছড়ি চলছে। প্রশাসনসহ প্রয়োজনে ছাত্র-জনতাকে এদের অপচেষ্টা প্রতিরোধে দ্রুত এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুর ২টায় জেলা সিনিয়র সহ-সভাপতির দক্ষিণ রঘুনাথপুরস্থ বাসায় দলীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করতে আসলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, হাফেজ হাবিবুর রহমান, শাহজালাল প্রমুখ।
মাওলানা মাকসুদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র-জনতার প্রত্যাশা অনেক। সবাইকে নিয়ে একসাথে কাজ করলে দ্রুততম সময়ের মধ্যেই দেশ পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।
আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কোনো উগ্রবাদের ঠাই হবে না ইনশাআল্লাহ।







