বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হানারচর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন

নতুন কোনো ফ্যাসিবাদের উথান জাতি দেখতে চায় না,মাও: হেলাল আহমাদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৭ পিএম
নতুন কোনো ফ্যাসিবাদের উথান জাতি দেখতে চায় না,মাও: হেলাল আহমাদ

১৩ নং হানারচর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. হেলাল আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ বলেছেন, জাতি নতুন করে কোনো ফ্যাসিবাদের উথান দেখতে চায় না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা অম্লান করার জন্যে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ৫ আগস্টের পর এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বত্র চাঁদাবাজি, দখলদারির মহোৎসব চলছে। মনে রাখতে হবে এ জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেউ অম্লান করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ১৩ নং হানারচর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, নাগরিক হিসাবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা, খ্রিস্টান সকলের সমান অধিকার। এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার এবং সুযোগ-সুবিধা ভোগ করবে। কেউ বৈষম্যের শিকার হবেনা, তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামের পক্ষে এগিয়ে আসা উচিত।ইউনিয়ন সভাপতি মুহা আবু সাঈদ বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলস যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা হাবিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদ মুহা ফরিদ উদ্দিন নেয়ামত, ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি হাফেজ মুহা মনির বকাউল, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান, ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র আন্দোলন ইউনিয়ন সভাপতি মুহা রাসেদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ২০২৪ সালের জন্য মোহাম্মদ আবু সাঈদকে সভাপতি, শেখ মোহাম্মদ বিল্লালকে সহ-সভাপতি, ও মোহাম্মদ হোসেন শেখের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।