শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে স্কুলের বেতনের চাপে অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুলের আ’ত্ম’হ’ন’ন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম
হাজীগঞ্জে স্কুলের বেতনের চাপে অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুলের আ’ত্ম’হ’ন’ন

হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের কোন্দরা গ্রামে স্কুলের বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে আত্মহনন করা জান্নাতুল মাওয়ার মরদেহ। পাশে স্বজনদের আহাজারি।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের কোন্দরা গ্রামে স্কুলের বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে জান্নাতুল মাওয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জান্নাতুল কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চাঁদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল স্থানীয় বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার পরিবার জানিয়েছে, স্কুলের পরীক্ষার বকেয়া ফি পরিশোধ না হওয়ায় সে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, জান্নাতুলের বাবা মনির হোসেন পরীক্ষার ফি পরিশোধের জন্য টাকা সংগ্রহ করেছিলেন এবং এদিনই স্কুলে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বাবার কাছ থেকে টাকা পাওয়ার আগেই জান্নাতুল কীটনাশক পান করে আত্মহত্যা করে।

Model Hospital

জান্নাতুলের বাবা মনির হোসেন জানান, “আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পড়াশোনায় একটু পিছিয়ে। আমি তাকে বলেছিলাম, আরও এক বছর এই ক্লাসে থাকতে হবে। পারিবারিক অসচ্ছলতার কারনে নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফি জমা দেওয়া হয়নি, তাই আগামীকাল তার পরীক্ষা অনিশ্চিত ছিল। আজ সকালে (বুধবার) টাকা নিয়ে তাকে দেওয়ার আগেই সে এমন ঘটনা ঘটিয়েছে।”

এবিষয়ে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচ এম খোরশেদ আলম মুঠোফোনে জানান, এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে কিছু শ্রেণী শিক্ষক বকেয়া বেতন ও পরীক্ষার ফি’ তাদের কাছে চেয়ে থাকে। কাউকে বের করে দেয়া বা দাঁড় করিয়ে রাখার তথ্য আমার জানা নেই।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের অভিযোগ ও ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।”

উল্লেখ্য যে, মৃত জান্নাতুল মাওয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই রফিকুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট ময়নাতদন্ত না করার আবেদন প্রেরণ করা হয়। আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital