বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে

শিক্ষকদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে : ডিসি মোহসীন উদ্দিন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৫ পিএম
শিক্ষকদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে : ডিসি মোহসীন উদ্দিন

ফরিদগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ফরিদগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

১ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়। চোখ খোলা রেখে সতর্ক থেকে স্বপ্ন দেখতে হয়। দূরের স্বপ্ন বাস্তবায়নে কাছের স্বপ্নকে ফোকাস করো। নিজের মধ্যে শৃঙ্খলা, কমিটমেন্ট, চেষ্টা থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের এ পিচ্ছিল রাস্তায় পা পিছলে গেলে আর ফিরে আসা কঠিন।

Model Hospital

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বপ্ন পূরণে তুমি অনেক সাথী পাবে। তবে আগে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে হবে। যখন সমাজ কাউকে ভালো স্বীকৃতি দেয় না, তখন তার মাঝে হতাশা কাজ করে। এক সময় বাবা-মা ও আস্থা হারিয়ে ফেলে। তখনই মানুষ বিপদগামী হয়। চাওয়া এবং পাওয়ার মধ্যে সংযোগ না ঘটলেই মানুষ মাদকে জড়িয়ে পড়ে। আর এ সংযোগ ঘটানোর দায়িত্ব শুধু নিজের। সমাজে মাথা উঁচু করে দাড়াতে চাইলে স্বপ্ন দেখতে হবে। আর সে স্বপ্ন বাস্তবায়নের একমাত্র হাতিয়ার পড়ালেখা। আমাদেরকে পরিশ্রম করেই আজকের অবস্থানে আসতে হয়েছে। সময়ের পরিশ্রম আমরা সময়ে করেছি বলেই আজ এখানে আসার সুযোগ হয়েছে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বলতে দ্বিধা নেই আপনাদের (শিক্ষকদের) মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে। এখনকার শিক্ষকরা নিজেদের শিক্ষক নয়, চাকুরীজীবি মনে করেন। দুইয়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আপনাদেরকে নিছক চাকুরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, শীতার্তকে শীতবস্ত্র দেওয়ার চেয়েও একজন মানুষের যোগ্যতা বিনির্মাণ অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষকরা এই যোগ্যতা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।

চাঁদপুরে ঢাবিয়ান’র আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল মতিন সরকার নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম শামসুল আলম হিরু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ্, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরে ঢাবিয়ান’র দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি, অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাওহার আহাম্মেদ, ইউনিএইড চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ বাবর, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার শর্মা প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।