বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ দিগচাইলে সড়ক নির্মাণে নিম্নমা‌নের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:৪৪ পিএম
হাজীগঞ্জ দিগচাইলে সড়ক নির্মাণে নিম্নমা‌নের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল কাশেমুল উলূম মাদ্রাসা হতে তালুকদার বাড়ির সড়ক সংস্কার কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া, ভিটের বালি, এবং প্রয়োজনের তুলনায় কম রড ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে এই অনিয়মের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দফতর থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা যায়- ২০২৪-২৫ অর্থবছরে দিগচাইল কাশেমুল উলূম মাদ্রাসা হতে তালুকদার বাড়ির সড়কটি ১শ’ ফুট আর সি,সি ঢালাইয়ের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স আরিফ ট্রেডার্স। যে কাজের ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।

এ বিষয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শাহানারা ফারভীন বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। স্থানীয়দের কিছু অভিযোগ সঠিক হতে পারে। তবে আমরা সরকারি নীতিমালা অনুসরণ করেই কাজ করছিলাম। স্থানীয়রা অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়।”

Model Hospital

তবে ঠিকাদার নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,  “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”

উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক জানান, “ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে, তবে কোনো বিল প্রদান করা হবে না।”

এলাকাবাসী এই প্রকল্পে সঠিক নজরদারি ও মানসম্মত নির্মাণকাজ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।