শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে পুলিশ থেকে আসামী ছিনতাই, নেয়া হচ্ছে এএসআই’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৬ পিএম
হাজীগঞ্জে পুলিশ থেকে আসামী ছিনতাই, নেয়া হচ্ছে এএসআই’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মাদক, ডাকাতি, ছিনতাইসহ ১৯টি মামলার দুর্ধর্ষ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক সেবক ও মাদক ব্যবসায়ীরা।

এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ। আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন এলাকার জাকির হোসেনকে আটক করেন। তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জাকির হোসেন।

Model Hospital

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় হাত কড়া উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এএসআই মোজাম্মেলকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।