বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:৫৪ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে আজ চাঁদপুরের হাইমচর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
হাইমচর উপজেলা পরিষদ রোডস্থ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০ ঘটিকায় এই মানববন্ধন শুরু হয়। এতে হাইমচর উপজেলাধীন সকল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ মাজহারুল ইসলাম শফিক এবং সভাপতি মোঃ তাজুল ইসলাম। এছাড়াও আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আঃ লতিফ মিয়া এবং জাগরী আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শাহ মোঃ আলম বক্তব্য রাখেন। মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান।
মানববন্ধন শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বক্তারা প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে জবাব চেয়েছেন এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য দূর করে তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।