আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন দেশে রাজনীতি করতে পারবে না : ড. রেদোয়ান
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে। অনেক অপরাধ ক্ষমার যোগ্য কিন্তু মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আবারও প্রমাণ হলো মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই।’

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান বলেন, ‘দেশ বিভক্তের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলামী যে মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের অনেক নেতাকর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

তিনি আরো বলেন, ‘এই দেশে আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এ দেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না।

যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতাবিরোধী অপরাধ করেননি। সুতরাং যারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবনযাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত হন।’
বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, উপজেলা এলডিপি সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম ও ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামূল হক প্রমুখ।








