বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হট্টগোলের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ! ফুলের ডালা ভাঙচুর

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
ফরিদগঞ্জে হট্টগোলের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ! ফুলের ডালা ভাঙচুর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ফুলের ডালা ভাঙচুর এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে বিএনপি ও স্বতন্ত্র এমপির সমর্থকদের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানা যায়,নিয়ম অনুযায়ী প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। প্রশাসনের সঙ্গে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নানের পুষ্পমাল্য অর্পণের ঘোষণা আসতেই সকল নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় শহীদ মিনারের ভিতরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জহির পাঠান নামে এক ব্যক্তিকে ঘিরে টানাহেঁচড়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “নিয়মানুযায়ী আইনশৃঙ্খলা মেনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা। স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী নিয়ম ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।” আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না-এ প্রশ্নে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী দাবি করেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিদ্রোহী প্রার্থী ‘চিংড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে-এ যুক্তিতে প্রশাসনের সঙ্গে কোনো স্বতন্ত্র প্রার্থীকে যুক্ত করে পুষ্পমাল্য অর্পণ গ্রহণযোগ্য নয় বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, ফুলের ডালা নিয়ে শহীদ মিনারে প্রবেশের সময় ধাক্কাধাক্কিতে একটি ডালা ভেঙে যায়। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরিদগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে থাকে। তবে এবারের কর্মসূচিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন প্রশাসন শৃঙ্খলা তৈরি করে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। প্রশাসন কঠোর হলে বিশৃঙ্খলতা তৈরি করতে পারতো না।
নবনির্বাচিত সংসদ সদস্য এমএ হান্নান  বিশৃঙ্খলতা সৃষ্টি কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।