বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ 

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:১৮ এম
ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ 
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে অসাদারচারণ করেন।
জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির পরিবর্তে  শিক্ষার্থীদের অতিরিক্ত আদায় করা হচ্ছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপ ফি বাবদ বিজ্ঞান বিভাগের ৩০০০ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগ ২৫০০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০০ টাকা করে আদায় করছেন।
শিক্ষার্থী ফাতেহাতুল ইসলাম, নাঈম হোসেন,অভিভাবক ফাতেমা বেগম জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে আমাদের থেকে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া এর বাইরে অতিরিক্ত ক্লাসের নামে ১০৫০ টাকা নিচ্ছে। এই টাকার কোন রিসিট দিচ্ছে না।
এই বিষয়ে জানতে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কলেজের অধ্যক্ষের অনুপস্থিতিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করা মফিজুল ইসলাম ভূঁইয়া টাকা নেয়ার সত্যতা স্বীকার করেন এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুমতিতেই এ অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি করেন। এই সময়ে কথাবার্তার এক পর্যায়ে উপস্থিত দুজন গণমাধ্যম কর্মীর সাথে অসাদাচারণ করেন এবং দেখে  নেয়ার হুমকি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেটু কুমার বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে অর্থ নেয়ার সুযোগ নেই। প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। গণমাধ্যমকর্মীর সাথে বাজে আচরণের বিষয়টি দু:খজনক বলে এই বিষয়ে প্রয়োজনে শিক্ষা বোর্ডকে জানানো হবে বলে জানান।
এদিকে গণমাধ্যমকর্মীর সাথে অসাধাচারণ করার বিষয়ে নিন্দা জানিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।