শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩৩ এম
শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ভেকুর ব্যাটারি জব্দ
শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় টামটা উত্তর ইউপির  তারালিয়া গ্রামের ফসলি মাঠে এ অভিযান চালানো হয়।অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে ব্যবহৃত ভেকুগুলোর ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, কৃষি জমির টপ সয়েল উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনোভাবেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অভিযানে ব্যবহৃত যন্ত্রপাতির অংশ জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে পরিচালনা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital