বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদেশি অনুদানের নামে প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে ১৩ লাখ টাকা!

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৪৩ পিএম
ফরিদগঞ্জে বিদেশি অনুদানের নামে প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে ১৩ লাখ টাকা!
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশি সংস্থার অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষের কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিম্নআয়ের পরিবার ও বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, চক্রটি বিদেশি একটি সংস্থার পক্ষ থেকে খাদ্যসামগ্রী অনুদান দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করত। প্রতিটি নামের বিপরীতে গরুর মাংস ২ দশমিক ৫ কেজি, বয়লার মুরগি ৫ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি, আটা, মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল ও আতপ চাল ২ দশমিক ৫ কেজি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।
অনুদান পাওয়ার শর্ত হিসেবে প্রতিটি নামের বিপরীতে তিন হাজার টাকা করে নেওয়া হতো। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তির নামে একাধিক তালিকাভুক্তি করে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মাসুম (৩৩), তাঁর বাড়ি কেরানীগঞ্জের কোল্ডা ১৪ কাউটাইল এলাকায়; ইয়াছিন মোস্তফা পায়েল (২৬), নারায়ণগঞ্জের ফতুল্লা পৌরপুকুরপাড় এলাকার বাসিন্দা; এবং পলি (৪৯), ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা।
সরেজমিনে গিয়ে অন্তত ১৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ভাটিয়ালপুরের আজাদ ৬০টি নামের বিপরীতে ২ লাখ ৯৩ হাজার টাকা, খুকি বেগম ১৬৬টি নামের বিপরীতে ৫ লাখ টাকা এবং পারভীন ৪০টি নামের বিপরীতে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া কাছিয়ারা, কেরোয়া ও ভাটিয়ালপুর এলাকার আরও কয়েকজন ভুক্তভোগী ৩ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়ার তথ্য দিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, প্রতারক চক্রটি বিভিন্ন সময় এলাকায় এসে মানুষের আস্থা অর্জন করে টাকা সংগ্রহ করত। পরে অনুদান দেওয়ার নির্ধারিত সময় পার হলেও তারা আর এলাকায় আসেনি। এরপর নিজেদের প্রতারিত বুঝতে পারেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের ভাষ্য, প্রতারণার শিকার হওয়া অধিকাংশ মানুষই নিম্নআয়ের গৃহিণী ও বয়স্ক ব্যক্তি। তাঁদের অনেকেই ধারদেনা কিংবা জীবনের সঞ্চয় থেকে টাকা দিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital