শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তানিয়া ইশতিয়াককে সংবর্ধনা

সাঈদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম
মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তানিয়া ইশতিয়াককে সংবর্ধনা

মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবা, সংস্কৃতি ও নারী উন্নয়নে অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুরের টি আই (অ্যাডমিন) প্রবীর কুমার দাশ, সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি. এম. বিল্লাল, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট নুরুল হক কমল, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মাসুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরে আলম, উপদেষ্টা আশিকুর রহমান খান।

Model Hospital

সংবর্ধনা গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ‘বিজয়ীর সঙ্গে যুক্ত প্রতিটি সহযাত্রীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। মানুষের কল্যাণে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, এই সম্মাননা সেই দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সমাজের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমন সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে। যারা সবসময় ‘বিজয়ী’র পাশে থেকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।