রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে ‘নাহারা উত্তর পাড়া যুব সমাজ’র সচেতনতা র‍্যালি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫৪ পিএম
শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে ‘নাহারা উত্তর পাড়া যুব সমাজ’র সচেতনতা র‍্যালি
শাহরাস্তিতে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষার প্রত্যয়ে এক  মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
‘সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। বক্তারা বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে মাদকমুক্ত সমাজ।
শুক্রবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির  নাহারা উত্তর পাড়া যুব সমাজ-এর উদ্যোগে আয়োজিত র‍্যালিতে এলাকার সর্বস্তরের জনগণ, তরুণ ও মুরুব্বিরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে লড়াইকে শুধু পুলিশের দায়িত্ব মনে করলে চলবে না।
অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সর্বোপরি যুবসমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে। বর্তমানে মোবাইল ফোনের অযাচিত ও অতিরিক্ত ব্যবহার অনেক তরুণকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে।
অনেকেই অপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ প্রজন্মকে এসব নেতিবাচক প্রবণতা থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ, মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী, কোনো অপরাধীরই ছাড় নেই। শাহরাস্তি থানাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া এ যুদ্ধ সফল করা সম্ভব নয়। আপনারা মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে নির্ভয়ে তথ্য দিন, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। যুবসমাজের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।
সমাবেশে বক্তারা ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিটি পরিবারে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে  এক বক্তা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুবকদের এমন উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়া উচিত।
আরেক বাসিন্দা  বলেন, বর্তমান সময়ে তরুণদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন। নিয়মিত এমন আয়োজন হলে অনেকেই মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন হবে।
মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ যুবসমাজ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।