বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের কেতুয়া সপ্রাবি’র শিক্ষার মানোন্নয়নে এলাকাবাসীর সঙ্গে কমিটির মতবিনিময়

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহমাহমুদপুরের কেতুয়া সপ্রাবি’র শিক্ষার মানোন্নয়নে এলাকাবাসীর সঙ্গে কমিটির মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৪নং কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান। বিদ্যৎসাহী সদস্য নজরুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক চাঁদপুর কন্ঠের মহামায়া প্রতিনিধি জসিম উদ্দিন হৃদয় সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।