‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’
শাহরাস্তিতে কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এবং নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দও বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা গ্রহণ, মেধা বিকাশ এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে হবে।

তিনি বলেন, বাল্যবিয়ে শিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। কোনো কন্যাশিশু যেন বাল্যবিয়ের শিকার না হয়, সে জন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউএনও আরও বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি শিক্ষা ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। মেয়েদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার।








