শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের ঘটনায় অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮:০৮ পিএম
কচুয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের ঘটনায় অভিযোগ

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ন স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর লিখিত অভিযোগে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘কচুয়া উপজেলা আওয়ামীলীগ‘ নামীয় ফেইসবুক পেইজ থেকে সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি আমার ছবি দিয়ে আমার নামে মিথ্যা অপমানজনক কুরুচিপূর্ন পোস্ট করিয়া আমাকে চরমভাবে মানহানী করে।

অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে মিথ্যা বানোয়াট অপমানজনক তথ্য দিয়ে অপদস্ত করে সামাজিকভাবে আমার মানহানী করে। এই স্ট্যাটাসের বিপরীতে বেশকিছু লোক কুরুচিপূর্ন মন্তব্য করে উক্ত পোস্টকে ভাইরাল করে।

আব্দুস সালাম সওদাগর উক্ত আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Model Hospital

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।