মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১১:৩৭ পিএম
ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও ফরিদগঞ্জ অনুআ মুক্ত স্কাউট গ্রুপ। তাঁরা সকলেই শিক্ষার্থী। যাদের বয়স ১৪ বছর থেকে ২২ এর মধ্যেই।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও ফরিদগঞ্জ অনুআ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে গত ৪ এপ্রিল (২৪ রমযান) বিকাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত তারা কাজ করছে। পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও সহায়তা করে তারা। তাদের এ ধরণের উদ্যোগ লোকমুখে প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে ফরিদগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি আর ধুলা-বালিকে হাসিমুখে আলিঙ্গণ করে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সদরের ৩টি পয়েন্ট এবং বড় বড় মার্কেটের সামনে স্বত:স্ফুতভাবে কাজ করছে স্কাউট সদস্যরা। মার্কেটে আগত ক্রেতাদের নিরাপদে রাস্তা পারাপারসহ রিক্সা-গাড়িতে তুলে দিতে নিরলস সহায়তা করে যাচ্ছে তারা।
কেনা-কাটা করতে বাজারে আগতদের সাথে স্কাউট সদস্যদের এই আন্তরিকতা দেখে মনে হয় সব ক্রেতাই তাদের পরিবারের সদস্য। অনেক স্কাউট সদস্য কোমলমতি শিশুদেরকে পরম স্নেহে কোলে তোলে রাস্তা পার করে দিচ্ছেন। এই অল্প বয়সে মানুষের কল্যাণে তাদের এই সংগ্রাম এবং স্নেহ-মমতা দেখে রীতিমত অবাকই হচ্ছেন আগন্তুকরা। অনেকেই আবার সাথে সাথে ধন্যবাদ জানাতেও কৃপণতা করছেননা।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও সাবেক মেয়র মাহফুজুল হক জানান, ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যই ছাত্র। ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের সামনে এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে তাঁরা পুলিশকে সহযোগিতা করেছেন। তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি রাখে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম তাদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এমনিতেই ফরিদগঞ্জ বাজারে অনেক যানজট, ঈদ উপলক্ষে যানজট একটু নিয়ন্ত্রন করতে তাদেরকে চাঁদপুর জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশে থেকে তারা কাজ করছে এবং আমাদের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।