হাজীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ (৪নং ওয়ার্ড) কলিমুদ্দিন বেপারি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী মোয়াজ্জেমের বাড়ির একটি শয়নকক্ষে কাঠের খাটের নিচ থেকে মোট ১ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮টি পলিজিপার প্যাকেট জব্দ করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন (একটি ভিভো ও একটি আইফোন ১৫) উদ্ধার করা হয়।

আটককৃত মো. মোয়াজ্জম হোসেন (৩৮)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ির শাহজাহানের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের ইন্সপেক্টর মো: তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্পের সি: ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক এবং আরও ২০ জন সেনা সদস্য।
আটককৃত মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
অভিযান পরিচালনাকারী ইন্সপেক্টর মো: তাজুল ইসলাম বলেন-চাঁদপুর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদকের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান-আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তদন্ত করে আরো যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
এদিকে স্থানীয় সচেতন মহল মাদক দমন অভিযানে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসী মনে করছেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।








