জাতীয় সংসদ নির্বাচন
চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মো. এনায়েত হোসেন
চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মো. এনায়েত হোসেন
চাঁদপুর-১ (কচুয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেনের আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তিনি পুনরায় নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনের আপিল বিভাগের শুনানি শেষে তার করা আবেদন মঞ্জুর করা হয়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

আপিলের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. এনায়েত হোসেন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ! আপিল শুনানি শেষে আপিল বিভাগ আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।”

প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় চাঁদপুর-১ আসনের নির্বাচনী মাঠে গণঅধিকার পরিষদের উপস্থিতি আরও সক্রিয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া একাধিক প্রার্থী দ্বিতীয় দিনের আপিল শুনানিতে অংশ নেন। বেলা ১২টা পর্যন্ত কয়েকজন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়, যার মধ্যে মো. এনায়েত হোসেন অন্যতম।








