বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে : ডিসি আহমেদ জিয়াউর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে : ডিসি আহমেদ জিয়াউর

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার : প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস অনুসরণ এবং গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সচেতন নাগরিক এবং দায়িত্বশীল তথ্যচর্চাই বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ এরশাদ উদ্দিনের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।
সেমিনারে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, লেখক ও সংগঠক লিটন ভূইয়া, জেলা তথ্য অফিসার তপন রায়, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, লেখক ও সাংবাদিক আশিক বিন রহিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital