বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা

আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের একার দায়িত্ব নয় : শাহরাস্তি ইউএনও মনিরা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম
আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের একার দায়িত্ব নয় : শাহরাস্তি ইউএনও মনিরা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এ দুটি সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও জনসেবাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তায় গুরুত্ব
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, দুর্গাপূজা বাঙালির সম্প্রীতির উৎসব। এ উৎসব যাতে সবার অংশগ্রহণে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি সবার দায়িত্ব। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, আলোকসজ্জা ও স্বেচ্ছাসেবক মোতায়েন এবং পূজা কমিটির সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। গুজব বা উসকানিমূলক প্রচারণায় কান না দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সবাইকে অনুরোধ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে আহ্বান মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় রোধে পরিবারকে আরও সচেতন হতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান ইউএনও। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন তিনি।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ যেকোনো অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। জনগণ ও প্রশাসনের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শাহরাস্তির শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।
সভায় উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন।
উপস্থিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক মো. আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন সামস্, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, তথ্য আপা তাসলিমা আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
গণমাধ্যমের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুন, ফয়সাল ও আবু মুসা আল সিহাব।
এ ছাড়া উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউপির চেয়ারম্যান মোঃ জোবায়েদুল কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডা. মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশু, মেহের দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মেহের উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও সুচিপাড়া উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন লিটনসহ বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম
শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষক গ্রুপের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ড. মো: সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন কৃষক গ্রুপের হাতে মোট ৬৭টি যন্ত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪টি বেড প্ল্যান্টার, ৯টি পাওয়ার থ্রেসার, ৮টি রিপার, ৪টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি এলএলপি ও ফিতা পাইপ, ৯টি ফুট পাম্প এবং ২৪টি হ্যান্ড স্প্রেয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা খাতুন বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকের শ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের খাদ্যনিরাপত্তা টিকে আছে। সেই কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
তিনি বলেন, “এসব যন্ত্র ব্যবহারে বীজ বপন, ফসল কাটা, মাড়াই, সেচ ও বালাইনাশক স্প্রের কাজ দ্রুত ও কম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম বাঁচবে, উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে।”
কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই যন্ত্রপাতি সরকারের সম্পদ, যা আপনাদের সবার কল্যাণে দেওয়া হয়েছে। এগুলো যত্নের সঙ্গে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। গ্রুপের প্রত্যেক সদস্য যেন পালাক্রমে যন্ত্রের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শাহরাস্তির কৃষিতে নতুন গতি সঞ্চার করবে।
সভাপতির বক্তব্যে ড. মো: সাজ্জাদুর রহমান বলেন, “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রকল্পের যন্ত্রপাতি কৃষক গ্রুপের মাঝে দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাবে।” তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করে ফলন বৃদ্ধির আহ্বান জানান।
যন্ত্রপাতি পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং যথাযথভাবে ব্যবহারের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো: আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: রেজাউল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস পাটোয়ারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্রীবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মো: মকবুল হোসেন ও মোহাম্মদ আল আমিন।
উপজেলার অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।